• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ৬:৫১
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর দফায় দফায় হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের অন্তত ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি কৌশলগত অবস্থান লক্ষ্য করে ১ হাজার বারের বেশি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৭৮৭ জনে পৌঁছেছে। তবে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এই হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

মঙ্গলবার সকালেও ইরানের রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন। এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাজধানীর পশ্চিমে অবস্থিত কারাজ এবং মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ইসফাহানেও জোরালো বিস্ফোরণ ঘটেছে। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও রক্তদাতার সংকট দেখা দিয়েছে। আক্রান্ত শহরগুলোতে মানবিক সহায়তাকারী দলগুলো পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি।