• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রত্যয় নিয়ে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের এই দিনে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের হাত ধরে দলটির যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে বিশাল ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করেছে দলটি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সরব ছিল দলটি। রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা। প্রথম নির্বাচনেই বাজিমাত করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ মোট ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আজ বিকেল চারটা থেকে আবাহনী মাঠে মূল অনুষ্ঠান শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং সম্মিলিত ইফতার মাহফিল।

আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এনসিপির এক বছরের রাজনৈতিক পথচলার ওপর ভিত্তি করে চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ নামের বিশেষ প্রোমো। এছাড়া অতিথিদের জন্য থাকছে ফটো বুথ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও পেশাজীবীসহ অভ্যুত্থানের সহযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকার বাইরেও বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলের সূচি ঘোষণা করেছে এনসিপি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে এবং ৩ মার্চ কুমিল্লায় এই কর্মসূচি পালন করা হবে। এসব অনুষ্ঠানে স্থানীয় শহীদ পরিবার ও বিশিষ্টজনেরা অংশ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাত্র এক বছরের পথচলায় সংসদীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়া এনসিপি আগামী দিনে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।