মার্কিন ঘাঁটির আশপাশ ছাড়ুন: সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী গার্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬, ১০:৩৮
আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি এবং সেনাদের অবস্থান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আজ শুক্রবার এক বিশেষ নির্দেশনায় ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যেখানেই মার্কিন সেনা অবস্থান করবে, সেই স্থানগুলোকেই তাদের লক্ষ্যবস্তু (টার্গেট) করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে শুরু হওয়া সংঘাত আজ এক মাসে পদার্পণ করল। সময়ের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ আরও জটিল ও ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আইআরজিসি স্পষ্ট করেছে যে, তাদের পাল্টা আঘাতের আওতা আরও বাড়ানো হচ্ছে।
বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনারা নিজেদের জীবন বাঁচাতে সাধারণ মানুষকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে। এক বিবৃতিতে তারা জানায়, "কাপুরুষ মার্কিন-ইহুদিবাদী বাহিনী নিরীহ সাধারণ মানুষ এবং তাদের ঘরবাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করার হীন চক্রান্ত করছে। আমরা চাই না আমাদের অভিযানে কোনো সাধারণ মানুষের প্রাণহানি ঘটুক।"
সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ইরান বিশেষভাবে অনুরোধ করেছে, যেখানেই মার্কিন বাহিনীর উপস্থিতি বা অবস্থান রয়েছে, সেই এলাকাগুলো যেন দ্রুত ত্যাগ করা হয়। এই সতর্কবার্তাকে সামরিক বিশ্লেষকরা বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখছেন।
টাইমস অব ইসরায়েলসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইরানের এই সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা হাজার হাজার মার্কিন সেনার জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাঠপর্যায়ে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চল এক মহাবিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :