• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মাদক ও নগদ টাকাসহ কারবারি আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬, ১১:০৮
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় 'উইনিক্স' সিরাপ, মোটরসাইকেল ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ কায়বা বিওপির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

আটক মাদক কারবারির নাম আব্দুল্লাহ (৩৫)। তিনি শার্শা থানার বালুন্ডা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৮২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ, ২টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১ হাজার ৮৫০ টাকা জব্দসহ আব্দুল্লাহকে হাতেনাতে আটক করা হয়। বিজিবির হিসাব মতে, জব্দকৃত মাদক ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫৯০ টাকা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরেই বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর ও জিরো টলারেন্স নীতি এবং অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।