পাসপোর্ট অফিসের ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে যুবক আহত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক:
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনে রংয়ের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মো. হাবিব (২৫) নামে এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (১০ মে) বিকেল ৩টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আহত হাবিব যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৪র্থ তলা ভবনে রংয়ের কাজ করছিলেন হাবিব। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি সিঁড়িঘরের ওপরের অংশ থেকে নিচের ছাদের ওপর পড়ে গুরুতর আহত হয়।
ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত হাবিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :