যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫
স্টাফ রিপোর্টার :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে অব্যাহত রয়েছে দোয়া মাহফিল। বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপি, এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে যশোরের পৃথক স্থানে এসব দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর জেলা মহিলা দলের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এদিকে বিকেলে উপশহর খাজুরা বাস মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের আয়োজনে অন্য একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাজুরা বাস মালিক সমিতির সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলুর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই দিন বাদ জোহর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে রায়পাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সেখানে উপস্থিত দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া যশোর নগর যুবদলের উদ্যোগে হুশতলা মাঠপাড়ার ফজলুল উলুম বাগে জান্নাত মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
পৃথক এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনাসরুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি এবং খাজুরা বাস মালিক সমিতির নেতা মোহাম্মদ ওয়াজেদ আলী সরদার, মোহাম্মদ এবিএস বেলাল, মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন :