• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে স্কুল ফিডিংয়ে অনিয়ম: তদন্তে ইউএনও, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬, ১১:০০
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে প্রাথমিক বিদ্যালয়ের 'স্কুল ফিডিং' কর্মসূচিতে যেকোনো ধরনের গাফিলতি ও অনিয়মের প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। গত মঙ্গলবার বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহকৃত আকিজ ডেইরি লিমিটেডের দুধের প্যাকেটে পোকা, বিবর্ণ রঙ ও দুর্গন্ধের অভিযোগ ওঠার পর আজ বুধবার (২০ মে) এই হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চলিশিয়া ও পায়রা ইউনিয়নের অন্তত ৭টি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান।


সরেজমিনে স্কুলগুলোতে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের কার্যালয় কিংবা শ্রেণিকক্ষের ভেতরেই ফিডিং কর্মসূচির বিস্কুট, বনরুটি, দুধ, ডিম ও কলা রাখা হয়েছে। তবে নিয়মানুযায়ী সেদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে কাঁচা ডিম।

পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রঞ্জন মন্ডল অভিযোগ করে বলেন, "সম্প্রতি তাঁর স্কুলে সরবরাহকৃত কলা ও বনরুটির মান মোটেও ভালো ছিল না। ওজনে কম ও ছোট আকারের সাদা রঙের কাঁচা ডিম দেওয়া হয়েছিল। পরে স্কুলের পাশের একটি বাসা থেকে সেই ডিম সেদ্ধ করিয়ে শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।"


একই ধরনের অভিযোগ করেছে চলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা। তারা জানায়, গত সপ্তাহে তাদের কোনো সেদ্ধ ডিম দেওয়া হয়নি। সরবরাহকৃত কাঁচা ডিম বাড়িতে নিয়ে ভেজে খেতে হয়েছে। এছাড়া মাঝে মাঝেই তাদের দুর্গন্ধযুক্ত দুধ ও নরম-নষ্ট কলা দেওয়া হয়। কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে 'ম্যানেজ' করে মানহীন খাবার সরবরাহের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।


এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান বলেন, "ইউএনও স্যারের নেতৃত্বে আমরা অন্তত ৭টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলেছি। দুধের প্যাকেটে পোকা ও দুর্গন্ধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর উপজেলার ১১৭টি স্কুল থেকে প্রতিদিনের ফিডিং কার্যক্রমের প্রতিবেদন সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, "স্কুল ফিডিং কর্মসূচিতে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করাই মূল লক্ষ্য। এখানে কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। খাবার সরবরাহ ও বিতরণের বিষয়ে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে।" তিনি আরও জানান, খাবারের গুণগত মান যাচাইয়ে শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভয়নগরে এই ঝটিকা পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে আকিজ ডেইরি লিমিটেডের সরবরাহকৃত ২০০ মিলিগ্রামের ৩০টি প্যাকেট দুধে পোকা, বিবর্ণ রঙ ও তীব্র দুর্গন্ধ থাকার কথা উল্লেখ করা হয়।