• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদনের অভিযোগ, সংবাদ সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
সরকারি জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে আদালতে ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে যশোরের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও স্থানীয় ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে। আজ শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বেনাপোলের ভবেরবেড় গ্রামের ভুক্তভোগী সাইফুল ইসলাম।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বেনাপোল পৌরসভার ৮৮ নম্বর ভবেরবেড় মৌজার ১ নম্বর খতিয়ানের সিএস ও এসএ ২৮২ নম্বর দাগের ৫১ শতক সরকারি জমিতে স্থানীয় সাধারণ মানুষের চলাচলের একটি রাস্তা রয়েছে। তবে জমিটি বর্তমানে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে আদালতের নির্দেশে সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের দায়িত্ব দেওয়া হলে অ্যাসিল্যান্ড ও ভূমি কার্যালয়ের অসাধু কর্মকর্তারা অবৈধ দখলদারের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করা হয়।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ও অফিস সহায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি জনসাধারণের চলাচলের পথ অবমুক্ত করতে যশোরের জেলা প্রশাসকের নির্দেশ বাস্তবায়নেও অ্যাসিল্যান্ড চরম অসহযোগিতা করছেন। এর ফলে এলাকার ৯টি পরিবারের প্রায় ৪০ জন সদস্য অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

​উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ ২০২৬ চলাচলের পথ অবমুক্ত করা এবং ভবন নির্মাণে বাঁধার কারণে হামলার বিচার চেয়ে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন ও আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে অ্যাসিল্যান্ডের দাখিল করা প্রতিবেদনে পূর্বের নায়েবের প্রতিবেদনের সাথে স্পষ্ট অসংগতি দেখা যায়, যেখানে তথ্য গোপন করে সাধারণ মানুষের চলাচলের বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

​সংবাদ সম্মেলন থেকে অবরুদ্ধ পরিবারের সদস্যরা প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী সরকারি জমির প্রকৃত অবস্থান উন্মোচন এবং জনস্বার্থ রক্ষায় যশোরের জেলা প্রশাসকের সরাসরি আশু হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।