পলাতক আসামি ও অপরাধীদের পারাপার রোধে যশোর সীমান্তে বিজিবির বিশেষ সতর্কতা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৩
নিজস্ব প্রতিবেদক, যশোর:
পলাতক ও ফেরারি আসামি, অপরাধী চক্র এবং দুষ্কৃতকারীদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে যশোর সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চালান, মানবপাচার এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও জনবল; পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় দিন-রাত চলছে নিশ্ছিদ্র নজরদারি।
রোববার (১৫ নভেম্বর) যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে অতিরিক্ত সদস্য মোতায়েন করার পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চলছে তল্লাশি।
রাতের অন্ধকারে দুর্গম সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, নাইট ভিশন গগলস, ড্রোন, সিসি ক্যামেরা এবং নাইট ভিশন বাইনোকুলারসহ অত্যাধুনিক সব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
পলাতক আসামিদের সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল চক্রের তৎপরতা রুখতে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য আদান-প্রদান করছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের সচেতন করতে নিয়মিত মাইকিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে চলাফেরা করতে দেখলে কিংবা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করছি। কোনো পলাতক আসামি সীমান্ত অতিক্রম করে দেশে ঢোকার বা বের হওয়ার চেষ্টা করলে তাকে শনাক্ত ও গ্রেপ্তারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে সীমান্ত সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জরুরি তথ্য প্রদানের জন্য বিজিবির নির্ধারিত হটলাইন নম্বর (০১৭৬৯৬০৪১১৫) চালু রয়েছে উল্লেখ করে জানানো হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যের ভিত্তিতে বিশেষ পুরস্কার দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিজিবির এই পেশাদার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :