• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬-এর উদ্বোধন: ক্ষুদ্র উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকাশক্তি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬, ১৪:৫১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
​যশোরে শুরু হয়েছে ‘দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’। আজ শুক্রবার মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এবং যশোর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।


​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ক্ষুদ্র উদ্যোক্তারা। আমরা যত বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে পারব, দেশের অর্থনীতি তত বেশি গতিশীল হবে।” তিনি জানান, বর্তমান নির্বাচিত সরকার ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত আন্তরিক। বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ এবং একটি ‘স্পেশাল ফান্ড’ বা বিশেষ তহবিলের ব্যবস্থা করা হয়েছে। যেখান থেকে নতুন উদ্যোক্তাদের প্রাথমিক পুঁজি হিসেবে বিনাসুদে ঋণ সরবরাহ করা হচ্ছে। এর মূল লক্ষ্যই হলো নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির গতি বৃদ্ধি করা।

​তিনি আরও বলেন, ​যশোর বিসিক শিল্পনগরীর ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের অনুন্নত অবস্থার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “বিসিক কর্তৃপক্ষের মাধ্যমে এই কাজগুলো হতে কিছুটা সময় লাগতে পারে। তাই আমরা তাদের ওপর নির্ভর না করে বিকল্প উপায়ে কীভাবে দ্রুত উন্নয়ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি। এছাড়া বিসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সড়কবাতি নিয়মিত জ্বালানো এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।”
​উদ্যোক্তাদের জন্য সরকার শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন বিশেষ সুবিধা দিচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কয়েকজন উদ্যোক্তা যৌথভাবে যশোর বিসিকে নবায়নযোগ্য জ্বালানি (রিনিউয়েবল এনার্জি) থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারেন। সরকারের পক্ষ থেকে নীতিগত সব ধরনের সহায়তা আপনাদের দেওয়া হবে।” এছাড়া পাশে থাকা ‘ওয়েস্ট টু এনার্জি’ (বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন) প্রকল্পটি পুনরায় চালু করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) সাথে কথা হচ্ছে বলেও তিনি জানান।
​মেলায় দর্শনার্থী ও ক্রেতা সাধারণের সমাগম বাড়াতে প্রচার-প্রচারণার ওপর জোর দিয়ে প্রধান অতিথি বলেন, “আপনারা যত বেশি প্রচার করবেন, তত বেশি সকল শ্রেণী-পেশার মানুষ এখানে আসবে।” মেলায় শিশুদের বিনোদনের চমৎকার ব্যবস্থার প্রশংসা করে তিনি জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মেলা প্রাঙ্গণে প্রতিদিন সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে, যাতে পুরো মেলায় একটি আনন্দঘন পরিবেশ বজায় থাকে।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের জেলা সভাপতি জনাব সাকির আলী।
​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিকের কর্মকর্তা এবং স্থানীয় উদ্যোক্তাবৃন্দ।

​বক্তব্য শেষে প্রধান অতিথি মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং যশোরে নারীদের ঐতিহ্যবাহী সুচিশিল্প ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা বৈচিত্র্যময় পণ্যের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে তিনি ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।