যশোরে ৯৫ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি গ্রেফতার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৩১
স্টাফ রিপোর্টার :
যশোরে অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ (বিশেষায়িত বাহিনী)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৪৬৮৫) জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ধলগা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা জানতে পারেন যে ঢাকা থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের একটি বড় চালান যশোরে আসছে। এই তথ্যের ভিত্তিতে ধলগা বাজার এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :