মেধাবৃত্তি ও সম্মাননা পেল অভয়নগরের ১৩৭ কৃতি শিক্ষার্থী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ১৯টি বেসরকারি বিদ্যালয়ের ১৩৭ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (এএপিএস) ও আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে নওয়াপাড়া কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ আমিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন— এএপিএস’র সাধারণ সম্পাদক অধ্যাপক সেলিম হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, এএপিএস’র পরীক্ষা সচিব অধ্যক্ষ মাহফুজা বেগম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন ও সদস্য মাসুদ তরফদার। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাহফুজুর রহমান। এ সময় আয়োজক সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৯টি বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্য থেকে বিভিন্ন ধাপে মোট ১৩৭ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের (এএপিএস) পক্ষ থেকে ট্যালেন্টপুলে ২৮ জন ও সাধারণ গ্রেডে ১০২ জন— মোট ১৩০ জনকে এবং আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ৪ জন— মোট ৭ জনকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :