কেশবপুরে আবারও ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান, দুই অসাধু ব্যবসায়ীকে জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ৬:০৮
কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে আবারও ভেজাল গরুর দুধ তৈরির কারখানার সন্ধান মিলেছে। দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল গরুর দুধ তৈরি করার অপরাধে দুইজন অসাধু ব্যবসায়ীকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জরিমানা করাসহ ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভেরচি গ্রামে একটি চক্র গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুধের কারখানায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অপু ঘোষের কারখানায় অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়। এ ছাড়া গোবিন্দ ঘোষের দুধের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানো হচ্ছিল। যশোর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা এবং দুধে পানি মেশানোর অপরাধে গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর কো¤পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স। এ সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ ও উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এর আগে গত ৯ মার্চ উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় উপজেলা প্রশাসন, র্যাব এবং ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পেয়ে ছয় ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা ও জেল প্রদান করেন।
আপনার মতামত লিখুন :