ঢাকা-যশোর রুটে ট্রেনের দাবিতে সংবাদ সম্মেলন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬, ১৩:২৭
নিজেস্ব প্রতিনিধি:
ঢাকা-যশোর রেল রুটে নতুন আন্তঃনগর ও প্রভাতী ট্রেন চালুর দাবিতে রেল কর্তৃপক্ষকে আগামী জুন মাসের মধ্যে দাবি জানিয়ে আজ রবিবার (২৪ মে) সকালে যশোর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে 'বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি'র উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করে।
এ কর্মসূচি থেকে ঘোষনা দেওয়া হয়েছে জুন মাসের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই দুপুর ১টা থেকে যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্মে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব রুহুল আমিন এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক কাওছার আলী।
সংবাদ সম্মেলন থেকে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে যশোর-ঢাকা রুটে অনতিবিলম্বে নতুন প্রভাতী আন্তঃনগর ট্রেন চালু করা, ঢাকা-যশোর রুটে আরও দুটি আন্তঃনগর ট্রেন চালু করা, প্রতিটি আন্তঃনগর ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য পর্যাপ্ত বগি সংযোজন করা, দর্শনা-খুলনা ও বেনাপোল-যশোর রুটে উন্নত রেললাইন চালু করা, সীমান্তভিত্তিক কমিউটার ট্রেন চালু করা এবং রেলকে দেশের প্রধান ও নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমিন বলেন, হাজার কোটি টাকা ব্যয়ে 'ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্প' বাস্তবায়ন হলেও যশোরবাসী এখনো কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত। প্রায় ৩৯ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই রুটে বর্তমানে দিনে মাত্র একটি ট্রেন চলাচল করছে, যা জনগণের চাহিদা ও রাষ্ট্রীয় বিনিয়োগের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
যশোরবাসীর দীর্ঘদিনের প্রধান দাবি হচ্ছে ভোরবেলা যশোর থেকে ঢাকাগামী একটি প্রভাতী আন্তঃনগর ট্রেন চালু করা; যাতে সাধারণ যাত্রীরা সকালে ঢাকা গিয়ে দাপ্তরিক ও প্রয়োজনীয় কাজ শেষ করে রাতেই আবার যশোরে ফিরে আসতে পারেন। একই সাথে ঢাকা থেকে রাতের দিকে যশোরমুখী আরেকটি ট্রেন চালুর দাবি জানান তারা।
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে ডিও লেটারও (চাহিদাপত্র) দেওয়া হয়েছে। কমিটির নেতাদের অভিযোগ, রেল সচিব ও ডিজি বারবার আশ্বাস দিয়েছিলেন যে, ২০২৬ সালের মার্চের পর নতুন কোচ এলেই প্রভাতী ট্রেন চালু হবে। কিন্তু মে মাস শেষ হতে চললেও তার বাস্তব কোনো অগ্রগতি চোখে পড়ছে না।
আপনার মতামত লিখুন :