• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ১৫:১৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
অটোপাশের দাবিতে আন্দোলনরত ফেল করা শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে উপাচার্যের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি শারীরিকভাবে নাজেহাল হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের কিছু শিক্ষার্থী অটোপাশের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। সোমবার দুপুরে তারা ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করার সময় উপাচার্যের গাড়ির গতিপথ রোধ করে সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে বিক্ষোভকারীরা গাড়িতে হামলা চালায়। এতে উপাচার্য চরম বিব্রতকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক ফলাফলে যারা এক বিষয়ে ফেল করেছিল, তাদের গ্রেস নম্বর দিয়ে পাশ করানো হয়েছে। কিন্তু একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পাশ করানো সম্ভব হয়নি। এই ফলাফল মেনে না নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ অটোপাশের দাবিতে আন্দোলনে নামে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই ‘অযৌক্তিক’ বলে আসছিল। উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ২১ মে একই দাবিতে আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছিলেন উপাচার্য আমানুল্লাহ।

হামলার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, “শিক্ষার্থীদের অন্যায্য দাবি ও অযৌক্তিক আবদারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাশকে সমর্থন করে না।”

উপাচার্য ড. আমানুল্লাহ কঠোরভাবে বলেন, “শিক্ষার গুণগত মান বজায় রাখতে অটোপাশ ও অতিরিক্ত গ্রেস প্রদানের প্রবণতা নিরুৎসাহিত করা হচ্ছে। অটোপাশ চালু হলে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।”

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে প্রশাসনের পর্যবেক্ষণে রয়েছে।