• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ওয়ার্কশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬, ১৪:৩৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের আরবপুর মোড়ে অবস্থিত ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এ সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং দীর্ঘদিনের আর্থিক লেনদেন অস্বীকারের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবলু তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৯ সাল থেকে স্থানীয় মরহুম সরদার সাহেবের কাছ থেকে চুক্তিভিত্তিকভাবে জায়গা ক্রয়ের উদ্দেশ্যে সেখানে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। দীর্ঘ ১৭ বছরে জমি ক্রয় বাবদ বিভিন্ন সময়ে তিনি মরহুম সরদার সাহেবকে মোট ৩৬ লাখ টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন।

বাবলু তালুকদার বলেন, চলতি বছর সরদার সাহেবের মৃত্যুর পর তার ওয়ারিশরা পূর্বের আর্থিক লেনদেন অস্বীকার করে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। তিনি ৩৬ লাখ টাকার লেনদেনের বিষয়টি উপস্থাপন করলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ২৪ মে কোনো পূর্ব নোটিশ ছাড়াই ৪০ থেকে ৫০ জনের একটি দল লোহার রড, শাবল ও হাতুড়ি নিয়ে তার কারখানায় হামলা চালায়। হামলাকারীরা কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি, উৎপাদন সরঞ্জাম, অফিস কক্ষ ও স্থাপনা ভাঙচুর করে। এতে প্রায় ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে অফিসের ড্রয়ার ভেঙে ৩ লাখ ৬০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন। ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ঘটনার পর বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সংহতি প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বাবলু তালুকদার প্রশাসনের কাছে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, মরহুম সরদার সাহেবের সঙ্গে সম্পাদিত ৩৬ লাখ টাকার আর্থিক লেনদেনের সুষ্ঠু তদন্ত ও আইনি স্বীকৃতি, হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কারখানার ন্যায্য ক্ষতিপূরণ ও মালিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার সহ-সভাপতি সিরাজ খান (মিন্টু), সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য মো. আবদুল হামিদ, প্রচার সম্পাদক মো. আবদুল জলিল, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ শাহাদত এবং অর্থ সম্পাদক মো. নিবাতুল হক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শেষে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।