ইরানে হামলা নিয়ে ট্রাম্প-যুবরাজ ফোনালাপ, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার মার্কিন পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। ফোনালাপে যুবরাজ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত রাখতে এবং ইরানে যেকোনো ধরনের হামলা চালানো থেকে বিরত থাকার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) দুজন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরেকটি সূত্রের বরাতে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সম্প্রতি তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের ওপর ‘খুব কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, "আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। একপর্যায়ে তারা বলতে বাধ্য হবে যে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।" ইরানের ওপর আস্থা হারাচ্ছেন উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, দেশটি ‘কথা দিয়ে কথা রাখে না’ এবং ‘মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা দেয়’।
ট্রাম্পের এই প্রকাশ্য হুমকির পরই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে এ সতর্কবার্তা প্রকাশ করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রয়োজনে দ্রুত দেশ ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন হুমকির মুখে বসে নেই তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এরই মধ্যে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তেহরানের পক্ষ থেকে তার ‘সুনির্দিষ্ট ও যথাযথ’ জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কঠোর অবস্থান এবং ইরানের পাল্টা হুমকির কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
আপনার মতামত লিখুন :