চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ, ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ অগাস্ট ২০২৬, ১৫:১৭
স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা ইমাম পরিষদ, যশোর। গত শনিবার (১ আগস্ট) ও রবিবার (২ আগস্ট) সংগঠনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩১০টি দুর্গত পরিবারের মাঝে ১০ লক্ষাধিক টাকার সহায়তা প্রদান করে।
সংগঠনের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাপাছড়ি, বাহারছড়া, কাঠরিয়া, জলদী, সরল, ছনুয়া ও শেখেরখীল এলাকার ৬টি স্পটে ত্রাণ বিতরণ করে। একই সঙ্গে কক্সবাজারের পেকুয়া উপজেলার বড়পাড়া, টইটং, পুরাদিয়া, মগনামা, গর্জনিয়া, শিকদারপাড়া ও নাপিতখালী ইউনিয়নের ৭টি পয়েন্টে বন্যাদুর্গতদের হাতে নগদ অর্থ ও গৃহনির্মাণের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণের পূর্বে প্রতিনিধি দলটি স্বশরীরে বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাছাই করে এই পুনর্বাসন সহায়তা নিশ্চিত করে।
জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন বলেন, "যশোরবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার কারণেই সুদূর চট্টগ্রাম ও কক্সবাজারের চরম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে হাসি ফোটানো এবং এই অনুদান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।"
সহায়তা প্রদান শেষে ইমাম পরিষদের নেতৃবৃন্দ যশোরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও ক্রান্তিলগ্নে সাধ্যমতো এগিয়ে আসা এবং জেলা ইমাম পরিষদের পাশে থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিনীত আহ্বান জানান।
ত্রাণ বিতরণকারী প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম ও মুফতি শামসুর রহমান, সহ-সম্পাদক মুফতি আব্দুর রহমান এজাজি, সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম, কোষাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি কবিরুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান এবং মাওলানা সালাহউদ্দিন।
উল্লেখ্য, শুক্রবার বাদ জুমা যশোরের গাড়ীখানা এলাকা থেকে মাইক্রোবাসযোগে প্রতিনিধি দলটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
আপনার মতামত লিখুন :