নিজস্ব প্রতিনিধি:
যশোরে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মী রয়েছেন। অভিযানকালে পুলিশ ককটেল সদৃশ বস্তু ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে যশোর জেলার ৯টি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই বিশেষ অভিযানে আসামিদের গ্রেপ্তার করে।
আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক যশোর সদরের বাহাদুরপুর গ্রামের মোল্যাপাড়ার হায়দার আলী, শহরের বেজপাড়ার আওয়ামী লীগ কর্মী আরজু মল্লিক বিপুল, আরবপুর ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ধোপাখোলার সাইফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হামিদপুর গ্রামের রমজান আলী কালু, কচুয়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মথুরাপুর গ্রামের মোস্তফা, উপশহর ৭ নম্বর সেক্টরের আওয়ামী লীগ কর্মী শামিম মেহেদী, শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম, শহরতলীর শেখহাটির আওয়ামী লীগ কর্মী মোমেল হোসেন, মনিরামপুরের হাজরাকাঠি গ্রামের নারায়ণ হালদার, হানুয়া গ্রামের শফিকুল ইসলাম ও গ্রামের হাসানুজ্জামান।
জেলা পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য, মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রত্যয়ে অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।
আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :