পূজামণ্ডপে বিশৃঙ্খলা ঠেকিয়ে সাহসিকতার পরিচয়: যশোরের ৩ ভিডিপি সদস্যকে জেলা প্রশাসকের সম্মাননা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০১
নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছায় পূজামণ্ডপের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে সাত কিশোরকে আটকে রেখে সাহসিকতার পরিচয় দেওয়া তিন আনসার-ভিডিপি সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ বিশেষ আর্থিক সম্মাননা তুলে দেন যশোরের জেলা প্রশাসক।
রোববার (১৮ অক্টোবর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাহসী তিন ভিডিপি সদস্য—আব্দুল হাকিম, মুসা করিম ও আজিজুর রহমানের হাতে এই সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঝিকরগাছার একটি বারোয়ারি পূজামণ্ডপের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ দর্শনার্থীদের উত্ত্যক্ত করার চেষ্টা করছিল একদল কিশোর। সেখানে দায়িত্বরত ওই তিন ভিডিপি সদস্য সাহসিকতার সঙ্গে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সাত কিশোরকে আটকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে সহায়তা করেন। তাঁদের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে যশোর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ও উপপরিচালক নুরুল আবসার এবং যশোর সদর উপজেলা কর্মকর্তা আবির রহমানসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী ভিডিপি সদস্যদের এমন সরকারি স্বীকৃতি তাঁদের কর্মস্পৃহা ও মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে অন্য সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।
আপনার মতামত লিখুন :