• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চাঁদ দেখা নিয়ে এবারও কি ‘ক্লোজ কল’ পরিস্থিতি? যা বলছেন বিশেষজ্ঞরা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৬
ছবির ক্যাপশন: ad728

আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশে খালি চোখে রমজান মাসের চাঁদ দেখার জন্য সময়টি বেশ অনুকূল বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকরা। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ৫০ থেকে ৫১ মিনিট চাঁদ পশ্চিম আকাশে অবস্থান করতে পারে, যা পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত সময়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাতে ‘নতুন চাঁদ’ (নিউ মুন) সৃষ্টি হবে। সাধারণত নতুন চাঁদ সৃষ্টি হওয়ার দিনে খালি চোখে তা দেখা যায় না, কারণ দৃশ্যমান হওয়ার জন্য চাঁদের বয়স কমপক্ষে ১২ থেকে ১৮ ঘণ্টা হওয়া প্রয়োজন। ১৭ ফেব্রুয়ারি রাতে পৃথিবীর অধিকাংশ স্থানেই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে ওই রাতে চাঁদ দেখার চেষ্টা করতে পারে। তারা যদি সফল হয়, তবে সেখানে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। অন্যথায় ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।

বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি-এর হিসাব অনুযায়ী, ওই দিন দেশে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর প্রায় ৫০-৫১ মিনিট চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে। এই সময়ে চাঁদের বয়স ২৪ ঘণ্টা অতিক্রম করায় খালি চোখে তা দেখা যাওয়ার জন্য পরিস্থিতি অনুকূল থাকবে। তবে চূড়ান্ত বিষয়টি আকাশের স্বচ্ছতা, মেঘের উপস্থিতি এবং বায়ুদূষণের মাত্রার ওপর নির্ভর করবে।

বিশেষজ্ঞরা বলছেন, গত বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের একই দিনে ঈদ উদযাপিত হয়েছিল। এ বছরও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সময়ের ব্যবধান কম থাকায় একটি ‘ক্লোজ কল’ বা কাছাকাছি সময়ের পরিস্থিতি তৈরি হতে পারে। যদি ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে চাঁদ দেখা যায়, তবে ১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।