তরিকুল ইসলাম ছিলেন পরমতসহিষ্ণু ও নির্লোভ রাজনীতিকের প্রতীক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১
স্টাফ রিপোর্টার:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বরেণ্য এই রাজনীতিকের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তরিকুল ইসলাম পরমতসহিষ্ণু ও শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি করতেন। তিনি প্রকৃত দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতিতে ব্রতী ছিলেন। জীবদ্দশায় তার কথাবার্তা বা কর্মকাণ্ড কখনো ভিন্নমতকে আঘাত করেনি। তার চলার পথ মোটেও মসৃণ ছিল না; বরং অসংখ্য কাঁটাবিহীন পথ ও চড়াই-উতরাই পেরিয়ে তিনি আমৃত্যু দেশের সেবা করে গেছেন। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সকলের জন্য একটি নিরাপদ যশোর উপহার দিয়ে গেছেন। তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ, নির্লোভ ও নিরহংকার মানুষ, যিনি যশোরের প্রতিটি খাতের উন্নয়নে অনন্য ভূমিকা রেখে গেছেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ এবং দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।
এ সময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :