ইন্দোনেশীয় হাজিদের কোরবানির মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬, ০৭:১৪
আন্তর্জাতিক ডেস্ক
এক অভূতপূর্ব মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। এ বছর পবিত্র হজে অংশ নেওয়া ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস সরাসরি পৌঁছে দেওয়া হবে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কাছে। ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুন্তাক এই তথ্য নিশ্চিত করেছেন।
উপমন্ত্রী জানান, হজের সময় কোরবানি করা পশুর মাংস যাতে সঠিকভাবে ও দ্রুত ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে ইতোমধ্যে সৌদি আরব সরকারের সঙ্গে তাদের একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মক্কায় হজের মাংস ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সৌদির বিশেষ প্রকল্প ‘আদাহি প্রজেক্ট’ (Adahi Project)-এর কাছেও এই বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং তারা এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করছে।
ইন্দোনেশীয় মন্ত্রী জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সরাসরি নির্দেশে ও বিশেষ উদ্যোগে এই মানবিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনের চলমান সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই জাকার্তা এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন নিবন্ধিত হজযাত্রী তাদের কোরবানির পশুর জন্য নির্ধারিত অর্থ অগ্রিম পরিশোধ করেছেন। এই বিপুল পরিমাণ কোরবানির মাংস আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের মাধ্যমে সরাসরি ফিলিস্তিনের দুর্গত এলাকায় পাঠানো হবে।
ইন্দোনেশিয়া সরকারের এই উদ্যোগকে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ঐক্য এবং আন্তর্জাতিক মানবিক সহযোগিতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: টেম্পো
আপনার মতামত লিখুন :