• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুর রোহিতায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬, ১৪:৫৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আজ শনিবার (২০ জুন) সকালে রোহিতা বাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিন্টু বলেন, "আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি দেশকে নতুন কিছু দেয়। নতুন ও যুগান্তকারী দীর্ঘ উন্নয়নের জন্য কাজ করে। সে জন্য আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, "দল সরকারে বা অনুকূল অবস্থায় আসলেও ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি। নানা ষড়যন্ত্রের কারণে অতীতে আমরা এই আসনটি হারিয়েছি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ভোট বিপ্লবের মধ্য দিয়ে আবারও প্রমাণ করতে হবে যে মনিরামপুর বিএনপির ঘাঁটি। তাই সব ভেদাভেদ ভুলে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।"

আসন্ন ইউপি নির্বাচনে মনিরামপুরের ১৭টি ইউনিয়নেই বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি দলীয় বিশৃঙ্খলাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তব্য শেষে তিনি বিগত সময়ে রোহিতা ইউনিয়নের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই যৌথ সভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়। সভায় উপস্থিত সকল স্তরের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী রোহিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলামকে বিএনপির একক দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু উপস্থিত সবাইকে সাইদুলের পক্ষে মাঠে নামার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান মো. শফিয়ার রহমান এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সভায় রোহিতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জোরদার প্রস্তুতির অংশ হিসেবে মনিরামপুরের সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এই ধরনের যৌথ সভা করছেন উপজেলার শীর্ষ নেতারা। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা যেমন চাঙ্গা হচ্ছেন, তেমনি দলের সাংগঠনিক কার্যক্রমেও গতিশীলতা ফিরছে।