নামজারির কাগজপত্রে জালিয়াতি, দুই সহোদরের কারাদণ্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে জমির নামজারির দাখিলকৃত কাগজপত্রে জালিয়াতির প্রমাণ পাওয়ায় দুই সহোদরকে সাত দিনের বিনাশ্রদ কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মৃত আবু তালেব বিশ্বাসের দুই ছেলে আবেদ আলী বিশ্বাস (৫৬) ও ছবেদ আলী বিশ্বাস (৫৪)।
আবেদ আলী বিশ্বাস ও ছবেদ আলী বিশ্বাস নিজেদের নির্দোশ দাবি করে বলেন, নড়াইল জেলার এক দলিল লেখক ৮৯ শতাংশ জমির কাগজপত্র তৈরি করে দিয়েছিলেন। এ জন্য তাকে দেড় লাখ টাকা দিতে হয়েছিল। নামজারি করতে এসে দেখি কাগজপত্রে সমস্যা। যে কারণে আমাদের দুই ভাইকে সাত দিনের জেল দেওয়া হয়েছে। তবে সেই দলিল লেখকের নাম জানাতে চাইলে তারা জানাতে পারেননি।
শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, দণ্ডপ্রাপ্ত দুই সহোদর আমার পরিচিত। তারা খুবই সহজ-সরল মানুষ। একজন প্রতারক দলিল লেখকের প্রতারণার শিকার হয়েছেন তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘দাখিলকৃত ৮৯ শতাংশ জমির নামজারির কাগজপত্রে জালিয়াতির প্রমান পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক আবেদ আলী বিশ্বাস ও ছবেদ আলী বিশ্বাস নামে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :