বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬, ১৪:৪৯
স্টাফ রিপোর্টার :
যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি ভারতীয় শাড়ি, আধা কেজি জিরা, ২০ কেজি ফুচকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯০ হাজার ৬৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, ধারাবাহিক নজরদারির ফলেই নিয়মিতভাবে চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :