• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক সৃষ্টির সুযোগ নেই: যশোরে আইনমন্ত্রী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি:
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান বলেছেন, "সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। বৃদ্ধ বাবা-মাকে শেষ বয়সে সুরক্ষা দেওয়ার জন্যই এই আইনগত সংশোধনী আনা হয়েছে। হেবা বা ধর্মীয় আইনে হাত দেওয়ার ক্ষমতা এ জগতে কারো নেই।"

শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর পিটিআই অডিটোরিয়ামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে আয়োজিত ‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, "১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে স্পষ্ট বলা হয়েছে—কোনো ধর্মের হেবা, দান বা উইল প্রক্রিয়ায় এই সংশোধনী বাধা সৃষ্টি করবে না। বিতর্ক সৃষ্টিকারীরা আইনটি না পড়েই রাজনীতি করার চেষ্টা করছেন। বিশ্বজুড়ে মালয়েশিয়া, সৌদি আরব ও দুবাইয়ের মতো দেশগুলোতেও বয়স্কদের সুরক্ষায় এমন আইন চালু রয়েছে।"

সরকারের সামাজিক উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চলতি বছরেই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবে। এছাড়া ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিওগুলোকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

দিনব্যাপী এই চাকরি মেলায় ৩৬টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। সেমিনারের পর প্রধান অতিথি নিজে বাছাইকৃত ১ হাজার ১১৫ জন সফল প্রার্থীর হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন।