• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  তৌহিদুল  ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার  (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত  তৌহিদুল  ইসলাম পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি শ্রমিক।  শনিবার বিকেলে রঘুনাথপুর গ্রামের তপু নামে এক ব্যক্তির নির্মাণাধীন একতলা বসতবাড়িতে কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত একটি রড রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এলে  তৌহিদুল  বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন ও অন্য শ্রমিকরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তৌহিদুল  ইসলামকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের মরদেহ রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।