যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
স্টাফ রিপোর্টার :
যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ, জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ, আলোচনা সভা এবং গণভোজের আয়োজন করা হয়।
জেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচির আয়োজন করে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির আয়োজনে কবর জিয়ারত ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সেখানে পবিত্র কোরআন খানি অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী এবং তরিকুল ইসলামের বড় ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু ও জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মাঝে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করেন অধ্যাপক নার্গিস বেগম ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে মনিহার কমিউনিটি সেন্টারে নগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পাঞ্জাবি ও জায়নামাজ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এরপর এম এম কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের আয়োজনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। বাদ যোহর শহরের বিভিন্ন মসজিদে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ওয়াবদা গ্যারেজ মোড়ে, ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আর এন রোডে এবং ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে জিলা স্কুল মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের উদ্যোগে উপশহর দারুল কোরআন বালক-বালিকা মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পুরাতন মোটর পার্টস ব্যবসায়ীদের উদ্যোগে বিজয় স্মৃতি স্তম্ভে, পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে পৌরসভা মসজিদে, সদর উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে জেলা রেজিস্ট্রি অফিস জামে মসজিদে এবং জেলা ডেকোরেটরস ও বাবুর্চি কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শংকরপুর চাতালের মোড়ে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। নগর বিএনপির সহসভাপতি খায়রুল বাশার শাহীনের ব্যক্তিগত উদ্যোগে রেলগেট এলাকায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু নগরের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার হৈবুৎপুর, কাশিমপুর, চূড়ামনকাটি ও ইছালি ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলে অংশ নেন এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সদর উপজেলার উপশহর, নওয়াপাড়া ও লেবুতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলে অংশ নেন এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
এ ছাড়া ইছালি ইউনিয়নের মনোহরপুর বাজারে সদর উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রেজাউল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এবং হাশিমপুর বাজারে সাবেক ছাত্রদল নেতা এ বি এম মাসুম আলতাফ বাদলের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দেলোয়ার হোসেন খোকন। সেখানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ জানান, নগরের নয়টি ওয়ার্ডে মোট ৬০টি স্থানে দোয়া মাহফিল ও দরিদ্রভোজ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন জানান, উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে আড়াই শতাধিক স্থানে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে দোয়া শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্যসচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সদর উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিপুলসহ সাধারণ মানুষ।
আপনার মতামত লিখুন :