১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮
স্টাফ রিপোর্টার :
নতুন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১২ মার্চ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ২০২৬ খ্রিস্টাব্দের এই প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
সংসদীয় প্রথা ও আইন অনুযায়ী, নতুন সংসদের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এই নির্বাচনের পরপরই নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হবে।
অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি বর্তমান সরকারের প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে একটি তাৎপর্যপূর্ণ ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণের পর সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :