• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ডিজিটাল যুগে যশোর জেলা আইনজীবী সমিতি: এক ক্লিকেই মিলবে সব তথ্য ও সেবা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ধারক যশোর জেলা আইনজীবী সমিতি এবার আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল ডিজিটাল যুগে। নিজস্ব ওয়েবসাইট (www.jashorebda.org.bd) এবং পূর্ণাঙ্গ অটোমেশন ও মেম্বার পোর্টাল চালুর মধ্য দিয়ে সমিতির সব ধরনের তথ্য ও কার্যক্রমকে অনলাইন ব্যবস্থাপনায় আনা হয়েছে। এর ফলে অনলাইনে ওকালতনামা সংগ্রহ, সদস্য চাঁদা, কল্যাণ তহবিল, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ, রশিদ ডাউনলোড, লাইব্রেরি ব্যবস্থাপনা এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের দাবি, এই যুগান্তকারী উদ্যোগের মধ্য দিয়ে যশোর জেলা আইনজীবী সমিতি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি হিসেবে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

রোববার (১৫ নভেম্বর) যশোর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এইচ সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর এবং ওয়েবসাইট তৈরি কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাস প্রমুখ।

নতুন এই ওয়েবসাইটে প্রবেশ করলেই এক ক্লিকেই পাওয়া যাবে যশোর জেলা আইনজীবী সমিতির পরিচিতি, ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় সব তথ্য। ফলে তথ্য জানার জন্য আর সরাসরি কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।

ডিজিটালাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সমিতির আর্থিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন। এতদিন সমিতির বিভিন্ন ফি ও অর্থ নগদে গ্রহণের যে প্রচলিত ব্যবস্থা ছিল, তা থেকে বেরিয়ে আসছে সংগঠনটি। নতুন ব্যবস্থায় সমিতির নির্ধারিত অর্থ সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে জমা হবে। এতে নগদ অর্থ গ্রহণ ও সংরক্ষণের ঝামেলা কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও হিসাব সংরক্ষণ আরও সহজ ও আধুনিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, যশোর জেলা আইনজীবী সমিতির রয়েছে দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্য। এ অঞ্চলের বিচারব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে এখানকার আইনজীবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন। উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব যদুনাথ মজুমদার, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ও খান বাহাদুর লুৎফর রহমানের মতো বরেণ্য ব্যক্তিরা এই সমিতির সদস্য ছিলেন।

১৬৯৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদারি লাভ এবং ১৭২৭ সালে কলকাতায় মেয়র কোর্ট প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ অঞ্চলে প্রাতিষ্ঠানিক বিচারব্যবস্থার যে বিকাশ শুরু হয়েছিল, সেই দীর্ঘ বিচারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় যশোরের আইনজীবী সমাজ বরাবরই গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, শত বছরের বিচারিক ঐতিহ্য ও তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনার এই সমন্বয় সমিতির প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।