• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ডা. ঊষার আহ্বানে সাড়া: ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে জেলা ও নগর স্বেচ্ছাসেবক দল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার আহ্বানে সাড়া দিয়ে যশোরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার অভিযানে স্বেচ্ছাশ্রমে মাঠে নেমেছে যশোর জেলা ও নগর স্বেচ্ছাসেবক দল। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী নদের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, শামিম আক্তার, মাহমুদুল হাসান চুন্নু, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার এবং যুগ্ম আহ্বায়ক বনি হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কার্যক্রম চলাকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, “গণমাধ্যমের সূত্রে আমরা জেনেছি, আমাদের বোন ডাক্তার ঊষা ভৈরব নদজুড়ে জমে থাকা কচুরিপানার জঞ্জাল নিষ্কাশনের এক মহতী উদ্যোগ নিয়েছেন। ‘কচুরিপানা তুলোধনা’ নামের এই কর্মসূচির প্রথম দিন থেকেই তিনি নিজে মাঠে রয়েছেন। পরবর্তীতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক-রাজনৈতিক সংগঠন তাঁর পাশে দাঁড়িয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার পক্ষ থেকে আজ আমরা তাঁর এই মহতী কাজে সংহতি জানাতে এবং সরাসরি অংশ নিতে মাঠে নেমেছি।”

প্রতিমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি আরও জানান, যশোর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গতকাল সন্ধ্যায় তাঁকে নির্দেশ দেন যেন স্বেচ্ছাসেবক দলের একটি টিম এই কার্যক্রমে অংশ নিয়ে ডা. ঊষাকে উৎসাহিত করে। সেই নির্দেশনা অনুযায়ীই নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দুই ঘণ্টাব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।

ভৈরব নদ রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোস্তফা আমির ফয়সাল বলেন, “আমরা চাই যশোরের তরুণ সমাজ, ছাত্র-যুবক ও সাধারণ জনতা সকলে এই কাজে এগিয়ে আসুক। পাশাপাশি রাষ্ট্রের কাছে আমাদের জোরালো অনুরোধ, নদীটিকে স্থায়ীভাবে সচল রাখতে এবং দখল-দূষণ থেকে বাঁচাতে সরকার যেন দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।”

কর্মসূচি শেষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ডা. ঊষার এই ব্যতিক্রমী ও জনহিতকর উদ্যোগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁর সার্বিক সাফল্য কামনা করা হয়।