• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ থেকে বঞ্চিত বাংলাদেশ: বিকল্প টুর্নামেন্ট দিচ্ছে বিসিবি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক : 
নিরাপত্তা উদ্বেগের কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে মূল আসরে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে টাইগাররা এই মেগা ইভেন্টের বাইরে থাকছে।

তবে বিশ্বকাপে না খেলার ফলে ক্রিকেটারদের যে আর্থিক ও পেশাদার লোকসান হবে, তা পুষিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের বিকল্প হিসেবে দেশে একটি বড় আকারের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আর্থিক বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। আমাদের উপদেষ্টা (আসিফ নজরুল) ইতোমধ্যে বিসিবি’র সঙ্গে আলোচনা করেছেন। দেশেই একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ক্রীড়া সচিব আরও জানান, সরকার সরাসরি আয়োজন না করলেও বিসিবি’র তত্ত্বাবধানে এই আসর বসবে। বিসিবি সভাপতি দ্রুতই এই টুর্নামেন্টের বিস্তারিত সূচি ও রূপরেখা দেশবাসীকে অবহিত করবেন।

 সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে যাওয়ার জন্য প্রস্তাবিত ১৫-২০ জনের স্কোয়াড ছাড়াও দেশের শীর্ষস্থানীয় সব ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেবেন। তিনি বলেন, “জাতীয় দলের বাইরেও অনেক প্রমিনেন্ট (নামি) খেলোয়াড় রয়েছেন। আমরা চাই সবাই খেলার মধ্যে থাকুক। তাই বিশ্বকাপ স্কোয়াডের বাইরেও অন্য তারকা ক্রিকেটারদের এতে অন্তর্ভুক্ত করা হবে।”

বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে না খেলার মানসিক ধকল কাটিয়ে উঠতে এবং ক্রিকেটারদের ছন্দে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রথমবারের মতো বিশ্বকাপের বাইরে থাকার বিষয়টি দেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় একটি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।