অভয়নগরে বহুতল ভবনে আগুন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে একটি বহুতল ভবনে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামে আকিজ জুট মিল সংলগ্ন সরকার গ্রুপের ৭ তলা ভবনের ৫ম তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
ভবনে কর্মরত এক শ্রমিক জানান, রাত ১০ টার দিকে ৫ম তলার একটি রান্নাঘরে আগুন জ্বলতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে সেই আগুন রান্নাঘর ছাড়িয়ে বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মালিকসহ ভাড়াটিয়ারা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ আগুনে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ৫ম তলায় ভবন মালিকের দুই ভাইয়ের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ড সম্পর্কে জানতে চাইলে ভবন মালিকরা কেউ কথা বলতে রাজি হয়নি।
যশোর জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ‘নওয়াপাড়া ও যশোর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় দুই ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজ করার সময় আমাদের একজন সহকর্মী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে ৭ তলা ভবনের ৫ম তলার একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আর সেই আগুন ভবনের ভেতরের ডেকোরেশন ও ফল্স সিরিংয়ের জন্য দ্রুত ছড়িয়ে পড়েছিল। এছাড়া ছাদে অবস্থান করা নারী, শিশু ও পুরুষ সকলকে ভালোভাবে উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।’
আপনার মতামত লিখুন :