‘তিন অপরাধে’ রাষ্ট্রপতির ভাষণ বর্জন: সংসদ থেকে বেরিয়ে বিস্ফোরক জামায়াত আমির
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ মার্চ ২০২৬, ১৩:৪৩
সংসদ প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তিন দফা ‘অপরাধের’ অভিযোগ তুলে তার ভাষণ বর্জন ও সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির ভাষণ বর্জনের পেছনে তিনটি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেন। তিনি বলেন:
১. খুনের সহযোগী: ডা. শফিকুর রহমানের দাবি, বর্তমান রাষ্ট্রপতি বিগত সময়ের সব হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করেছেন।
২. জাতির সামনে মিথ্যাচার: তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানালেও পরবর্তীতে তা অস্বীকার করেছেন। এর মাধ্যমে তিনি জাতির সামনে ‘মিথ্যাবাদী’ হিসেবে সাব্যস্ত হয়েছেন।
৩. শপথ সংক্রান্ত জটিলতা: জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতি নিজেই অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন যে সংসদ সদস্যরা একইসঙ্গে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। বিরোধী দল দুটি শপথ নিলেও সরকারি দল তা না নিয়ে অর্ডিন্যান্স লঙ্ঘন করেছে বলে তিনি অভিযোগ করেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা স্পষ্ট অনুরোধ করেছিলাম, এই সংসদে ফ্যাসিস্টের কোনো দোসর বা খুনির সহযোগীরা যেন বক্তব্য রাখতে না পারে। তাদের বক্তব্য শোনার জন্য আমরা এখানে আসিনি।”
এর আগে বিকেলে রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে ডায়াসের দিকে এগোচ্ছিলেন, তখন জামায়াত ও এনসিপি সদস্যরা বিক্ষোভ শুরু করেন। ভাষণ শুরুর কিছুক্ষণ পর তারা একযোগে সংসদ কক্ষ ত্যাগ করেন। বিরোধীদলীয় নেতার এই অনড় অবস্থান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
আপনার মতামত লিখুন :