রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রদলের আত্মপ্রকাশ; শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩
স্টাফ রিপোর্টার :
সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রকাশ্য কর্মকাণ্ডের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ে সফররত শিক্ষামন্ত্রীর কাছে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়ার মাধ্যমে সংগঠনটি তাদের অবস্থানের জানান দেয়।
বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের জন্য ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে প্রাথমিক আবেদন জমাদান অনুষ্ঠানে যোগ দিতে আজ বিকেলে যবিপ্রবি ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উত্থাপিত চার দফা দাবি হলো ক্যাম্পাসের জায়গা বৃদ্ধি: বিশ্ববিদ্যালয়ের বর্তমান আয়তন সম্প্রসারণ।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: চুয়াডাঙ্গা-বেলতলা পর্যন্ত দুই লেনের রাস্তা নির্মাণ এবং পালবাড়ি থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস বা ট্রেন সার্ভিস চালু করা।মেডিকেল সেন্টার: আধুনিক সুযোগ-সুবিধাসহ মেডিকেল সেন্টারের উন্নয়ন।লাইব্রেরি সংস্কার: কেন্দ্রীয় লাইব্রেরি সম্প্রসারণ ও শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালু করা।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার বিষয়ে ছাত্রদল নেতা সালেক খান বলেন, আমরা শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও সুবিধার দাবিতে স্মারকলিপি দিয়েছি। সবারই রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা চাই ক্যাম্পাসে মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি চর্চা হোক। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়মে রাজনীতি নিষিদ্ধের যে ধারা রয়েছে, তা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
আরেক শিক্ষার্থী জিএম মাহমুদ রনি বলেন, “বিশ্ববিদ্যালয় হলো নানা মত ও পথের মিলনস্থল। এখানে ভিন্নমতের সহাবস্থানই জ্ঞানচর্চার মূল ভিত্তি। দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল সংগঠনের নিজস্ব আদর্শ প্রচারের অধিকার রয়েছে।”
বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের এই কর্মকাণ্ড এবং স্মারকলিপি প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নতুন উপাচার্যের মাধ্যমে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশা করছেন।
আপনার মতামত লিখুন :