যশোরে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ৬:২৫
নিজস্ব প্রতিবেদক
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এর আগে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কর্তৃক দেশব্যাপী এই কার্যক্রমের মূল উদ্বোধনী অনুষ্ঠানটি মেলা প্রাঙ্গণে সরাসরি প্রদর্শন করা হয়।
মেলার প্রথম দিনে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মেলা প্রাঙ্গন ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সেবাগ্রহীতা অংশ নেন।
র্যালী শেষে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রফিকুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর বাসুদেব কুমার মালো, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলায় ভূমি বিষয়ক বিভিন্ন সেবা বুথ থেকে জনগণকে অনলাইনে ল্যান্ড ডট হভ ডট কম পোর্টালে নিবন্ধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, ই-পর্চা, মৌজাম্যাপ সংগ্রহ, অনলাইনে ডিসিআর ও ডাকযোগে খতিয়ান প্রাপ্তি, এলএ ক্ষতিপূরণের চেক গ্রহণসহ নানা সেবা দেওয়া হবে।
২০ মে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ভূমি সেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন জেলা প্রশাসকের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক সেমিনার আয়োজন করা হবে।
মেলা চলাকালে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা, সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন তথ্যভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২১ মে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, জেলা সদর ছাড়াও জেলার সব উপজেলায় ভূমিসেবা বুথ স্থাপন করে নাগরিকদের সেবা প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :