শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীনের; তদন্তের পর বড় রদবদল ও অবকাঠামো সংস্কারের উদ্যোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১৪:০৮
স্টাফ রিপোর্টার :
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সাথে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনঃমূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তাঁর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। হাসপাতালের পরিচালনা পর্ষদ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসা, পিএইচডি’র ওপর। অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন’ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। হাসপাতালের ভেতরে আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন স্বাধীন (ইন্ডিপেনডেন্ট) কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। এছাড়া করপোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অলাভজনক প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করছে। বর্তমানে এর অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজসহ একাধিক নার্সিং ও স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
শুধুমাত্র ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিগত ২৯ বছরে ১ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে প্রায় দুই হাজার রোগী সেবা নিয়েছেন। এই হাসপাতালের সাথে সরাসরি ১,৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের অধিকাংশই নারী। এছাড়া বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছেন। দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, কর্মী ও শিক্ষার্থীর পেশাগত ভবিষ্যৎ এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।
রোগীর চিকিৎসার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা, সর্বোচ্চ নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে আদ্-দ্বীন ফাউন্ডেশন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :