পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে ঐতিহাসিক ইমামবাড়ী: সংস্কার ও অবৈধ নির্মাণ বন্ধের দাবি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬, ১৪:২৩
যশোর প্রতিনিধি:
যশোরের মুড়লিতে অবস্থিত ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর ভবন ও সীমানা প্রাচীর ধসে পড়ার আশঙ্কায় পুকুর সংস্কার এবং পার্শ্ববর্তী অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইমামবাড়ীর বর্তমান কমিটির উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঐতিহাসিক এই স্মারকমাপক নিদর্শনটি রক্ষায় শতাধিক মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
সংগঠনের সভাপতি মোঃ এহতেশাম উল আলম প্রতীকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা ইব্রাহীম খলীল রাজাভী এবং ইমামবাড়ীর সম্পাদক ও ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ঐতিহ্যবাহী ইমামবাড়ী সংলগ্ন পুকুরটি দীর্ঘদিন সংস্কার না করায় পানি ও মাটির ক্ষয়ে মূল ভবনটি যেকোনো সময় পুকুরে ধসে পড়ার তীব্র ঝুঁকিতে রয়েছে। এছাড়া সীমানা ঘেঁষে নিয়মবহির্ভূতভাবে অবৈধ ভবন নির্মাণের কারণে ইতোমধ্যে প্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে।
বক্তারা অনতিবিলম্বে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ঐতিহাসিক এই স্মৃতিচিহ্ন রক্ষায় পুকুর পুনখনন, গাইডওয়াল নির্মাণ এবং সীমানা ঘেঁষে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেন।
আপনার মতামত লিখুন :