যশোরে ডিবি পুলিশের জোড়া অভিযান: ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০
যশোর জেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৩৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে ও সন্ধ্যায় চৌগাছা এবং কোতোয়ালি মডেল থানা এলাকায় এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় দুপুর ৩টা ৩০ মিনিটে। ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম চৌগাছা থানার ফুলসারা ইউনিয়নের আফরা (চন্দ্রপুর) গ্রামস্থ পাকা রাস্তার ওপর থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন—আফরা গ্রামের মোঃ টিটো মিয়া ওরফে ঘ্যানা টিটো (৪১) এবং কোতোয়ালি মডেল থানার কমলাপুর এলাকার মোঃ মাসুদুর রহমান (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, দিনের দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। ডিবি পুলিশের এসআই (নিঃ) শিবু মণ্ডলের নেতৃত্বে অপর একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল বাজারগামী কাঁচা রাস্তার ওপর থেকে আরও দুজনকে আটক করে। আটককৃতরা হলেন—চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকার আবু সাঈদ (৪২) এবং রূপদিয়া এলাকার মোঃ রুহুল আমিন বিশ্বাস (৩৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, দুই অভিযানে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) গ্রেপ্তারকৃত চার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :