• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ২১ লাখ টাকার ভারতীয় শাড়ী ও কসমেটিকস জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (০২ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় ১২৭টি শাড়ী, ৩টি থ্রিপিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুসকা, ৩.৫ কেজি কিসমিস, ৬ প্যাকেট সনপাপড়ী, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব এবং ১৫৩৯টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে দমনের লক্ষে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান তিনি।