রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৫০টি পরিবারে ঈদ উপহার প্রদান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬, ১১:০০
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘রাজারহাট সমাজ কল্যাণ সংস্থা’। আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৫০টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুন্সি নাজমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা শেখ আহসান আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "‘মানব সেবায় আমরা’—এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের এই পথচলা। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে কোনো মানুষই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।"
সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল সংস্থার এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, আর্তমানবতার সেবায় রাজারহাট সমাজ কল্যাণ সংস্থা ভবিষ্যতেও বড় পরিসরে কাজ করে যাবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্থার ক্যাশিয়ার ওসমান গনি, সদস্য মনজুরুল ইসলাম পুতুল, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, ডাক্তার মিজানুর রহমান, আরাফাত রহমান, রমজান আলীসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আগত পরিবারগুলোর হাতে সেমাই, চিনি, পোলাওয়ের চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলো।
আপনার মতামত লিখুন :