পাকিস্তানের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের মুখে ইরান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫২
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ নিরসনে পাকিস্তানের মাধ্যমে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি বর্তমানে তেহরানের শীর্ষ কর্মকর্তারা পর্যালোচনা করছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র। তবে এই আলোচনার মধ্যেই ইরানকে ৪৮ ঘণ্টার চরম আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটি ট্রাম্পের পক্ষ থেকে দ্বিতীয় প্রস্তাব। এর আগে মার্চের মাঝামাঝি ১৫ দফার একটি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল। শনিবার পাকিস্তানের মাধ্যমে পাঠানো নতুন এই প্রস্তাবে ‘দুই স্তরের’ পরিকল্পনার কথা বলা হয়েছে।
- প্রথম স্তর: ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি।
- দ্বিতীয় স্তর: এই সময়ের মধ্যে কূটনীতির মাধ্যমে স্থায়ী সমাধান ও একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর।
নতুন প্রস্তাবে বিশেষ জোর দেওয়া হয়েছে হরমুজ প্রণালির ওপর। যুক্তরাষ্ট্র চায় যুদ্ধবিরতির ৪৫ দিন ইরান যেন এই গুরুত্বপূর্ণ নৌপথ থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, তারা এখনই হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার আহ্বানে একমত নন। তেহরানের ভাষ্য, “প্রস্তাবটি পর্যালোচনায় সময় লাগবে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই।”
এদিকে তেহরানের ধীরগতির প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক কড়া বার্তা দিয়েছেন। ট্রাম্প আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান এই যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া না দেয়, তবে দেশটির সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘ সংলাপ ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।
সূত্র: রয়টার্স, জিও নিউজ
আপনার মতামত লিখুন :