রফিক কেবল জাতীয় দলের নন, পুরো দেশের স্পিন মেন্টর: শাহরিয়ার নাফীস
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ১৪:০২
ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। অবশেষে ঘরের মাঠে প্রিয় আঙিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেই কোচিং ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। এক বছরের চুক্তিতে রফিককে 'বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ' হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
গত শনিবার বিসিবির বোর্ড সভায় রফিকের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। প্রাথমিকভাবে এক বছরের জন্য এই কিংবদন্তির সঙ্গে চুক্তি করেছে বোর্ড।
আজ সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে মোহাম্মদ রফিকের কাজের ধরণ সম্পর্কে বিস্তারিত জানান ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি স্পষ্ট করেন যে, রফিক কোনো নির্দিষ্ট একটি দলের জন্য কাজ করবেন না। নাফীস বলেন, "রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। অনেকে মনে করছেন তিনি শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, তবে ধারণাটি সঠিক নয়।"
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, মোহাম্মদ রফিক একজন ‘মেন্টর’ হিসেবে বিভিন্ন স্তরে কাজ করবেন। শাহরিয়ার নাফীস আরও যোগ করেন, "রফিক ভাই বাংলাদেশের একজন লিজেন্ডারি স্পিনার। ওনার অ্যাসাইনমেন্ট হচ্ছে তিনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। এটি জাতীয় দল হতে পারে, আবার অনূর্ধ্ব-১৯, এইচপি (হাই পারফরম্যান্স) কিংবা বাংলা টাইগার্সও হতে পারে।"
আপনার মতামত লিখুন :