ইসলামিক এডুকেশন সোসাইটি যশোরের উদ্যোগে মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬, ০৮:২৮
নিজেস্ব প্রতিনিধি:
ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) যশোর জেলা শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামের ভিআইপি লাউঞ্জে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও আইইএস’র প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসূল। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক আবু হাসিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসূল বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের গড়ে তুলতে হবে। ইসলামিক এডুকেশন সোসাইটি দীর্ঘদিন ধরে সেই কাজটিই করে যাচ্ছে। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ মাহাতাবউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, বাঘারপাড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার অহেদুজ্জামান বিশ্বাস, ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ ফারুক হোসেন, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, রাজশাহী ও আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ও স্বীকৃতি দিলে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। একইসাথে নৈতিক শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন তারা।
আয়োজক সূত্রে জানা যায়, যশোর জেলার ৮টি উপজেলার ৭০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে কয়েক হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুলে ৫ জন, সাধারণ গ্রেডে ১৫ জন ও বিশেষ কোটায় ৬ জনসহ মোট ২৬ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ক্রেস্ট, সনদপত্র, বই, ক্যালেন্ডার ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সলুয়া আদর্শ কলেজের অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস । এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :