এমএম কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬, ১০:০৫
স্টাফ রিপোর্টারঃ
পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ-এ অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি। জাতীয় পর্যায়ের এ উদ্যোগের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসজুড়ে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
বুধবার সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে কর্মসূচির উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।
পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানান, দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. হারুন অর রশিদ, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহসীন উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহাদেব কুমার দাস এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক দুলাল মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হোসেন ও সেক্রেটারি আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :