• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পানামাকে ৬ গোল দিয়ে বিশ্বকাপের মহড়া শুরু ব্রাজিলের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬, ০৩:০৭
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক 
আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা দুর্দান্তভাবে সারল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামাকে গোলবন্যায় ভাসিয়েছে সেলেসাওরা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে পানামাকে গুনে গুনে ৬ গোল দিয়েছে তারা। বিপরীতে দুটি গোল হজম করতে হয়েছে স্বাগতিকদের, যার একটি ছিল আত্মঘাতী।

ম্যাচের শুরু থেকেই চেনা মাঠে প্রতিপক্ষকে চেপে ধরে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে খেলার ধারার বিপরীতে হঠাৎ ধাক্কা খায় স্বাগতিকরা। পানামার মাইকেল মুরিলোর একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ গোলে সমতা ফেরে। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে নেয় ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক গোল করে দলকে আবারও লিড এনে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

বিরতির পর পানামার রক্ষণভাগকে রীতিমতো ধসিয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ তুর্কি রায়ান। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। আর শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো। প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার এক টার্ন নিয়ে দারুণ ফিনিশিংয়ে দলের ষষ্ঠ গোলটি করেন তিনি।​

ম্যাচে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লেও পানামার হার্ভে একটি চোখধাঁধানো দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপিয়ে ব্যবধান কিছুটা কমান (৬-২)।


পুরো ম্যাচে ব্রাজিলের পাসিং ও ক্লিনিক্যাল ফিনিশিংয়ের সামনে পাত্তাই পায়নি পানামা। ম্যাচে ব্রাজিলের মোট শট ছিল ১৪টি। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নেওয়ার এই ট্যাকটিক্যাল লড়াইয়ে পুরো স্কোয়াডকেই দারুণভাবে ব্যবহার করেছেন ব্রাজিল কোচ।

পানামাকে গুঁড়িয়ে দেওয়ার পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে তাদের আসল মিশন। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।