কৃষকদের ৪ দফা দাবিতে যশোরে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬
স্টাফ রিপোর্টার :
ন্যায্য মূল্যে সার সরবরাহ, কৃষি খাতের দুর্নীতি তদন্ত এবং ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান। পরে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্মারকলিপির বক্তব্য পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর ৪ দফা দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন।
তাদের মূল দাবিগুলো হলো— সারের কালোবাজারি রোধ করে নির্ধারিত দামে সার সরবরাহ, প্রদর্শনী খামারের সরকারি অর্থ আত্মসাৎকারী কর্মকর্তাদের বিচার ও সেচ মৌসুমে ডিজেল-বিদ্যুতে প্রত্যক্ষ ভর্তুকি প্রদান এবং ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের সব ধান ন্যায্যমূল্যে কেনা।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতা মনোয়ারা সিদ্দিকী ছবি, বিথিকা বিশ্বাস, পলাশ বিশ্বাস, সবর বিশ্বাস ও সাহাবুদ্দিন বাটুলসহ স্থানীয় কৃষক নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :