যশোরে প্রতিবেশীর বিরুদ্ধে গরুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অগাস্ট ২০২৬, ১৩:২৭
স্টাফ রিপোর্টার :
যশোরে পূর্বশত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে খামারির গরু বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি মোছাঃ নাসরিন নাহার (৩২) বাদী হয়ে তাঁর প্রতিবেশী মোছাঃ শাহানারা (স্বামী- শাহীন ড্রাইভার)-এর বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী নাসরিন নাহার ও বিবাদী শাহানারা উভয়ই পোল্ট্রি মুরগির খামার ব্যবসার সাথে জড়িত। নাসরিন নাহার ন্যায্যমূল্যে মুরগি বিক্রি করায় বিবাদী ব্যবসায়িক হিংসা থেকে তাঁর ওপর ক্ষিপ্ত হন এবং বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। সম্প্রতি বিবাদীর ছেলের একটি ড্রাইভিং লাইসেন্স ঢাকা থেকে নাসরিন নাহারের কাছে পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বিরোধ চরম আকার ধারণ করে।
ভুক্তভোগী নাসরিন নাহার জানান, গত ২৪ আগস্ট (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে তিনি তাঁর গৃহপালিত গরুটিকে সুস্থ অবস্থায় গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। পরদিন ২৫ আগস্ট সকালে গোয়ালে গিয়ে তিনি গরুটিকে মৃত অবস্থায় দেখতে পান। তাঁর ধারণা, পূর্বশত্রুতা ও প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বিবাদী কলার সাথে বিষাক্ত পদার্থ মিশিয়ে খাইয়ে গরুটিকে হত্যা করেছে।
গরুটির মৃত্যুতে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ন্যায়বিচার, গরুটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় ও বিবাদীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবি জানিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :