• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জাঁকজমকপূর্ণ আয়োজনে জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা। আগামী ৪ সেপ্টেম্বর ঐতিহাসিক টাউন হল মাঠে কেন্দ্রীয়ভাবে মূল উৎসব অনুষ্ঠিত হবে।
​বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তথ্য জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় পূজা-অর্চনা, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বলন এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলা শাখাও নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে গত ২৮ আগস্ট বেজপাড়া পূজা সমিতি মন্দিরে চার বিভাগে প্রায় তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে গীতাপাঠ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ও পুরস্কার বিতরণের তারিখ মূল মঞ্চ থেকে ঘোষণা করা হবে।
আগামী ৪ সেপ্টেম্বর সকালে টাউন হল মাঠে ভক্তিমূলক সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে শতকণ্ঠে গীতাপাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং পৌর প্রশাসক রফিকুল হাসান।

​এরপর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজের নেতৃত্বে অনুষ্ঠিত হবে বিশেষ আলোক প্রজ্বলন পর্ব, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন। আলোক প্রজ্বলন শেষে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রাটি বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষবাড়ীর মাঠে পৌঁছানোর পর ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

​পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব যশোরবাসীকে জন্মাষ্টমীর এ আনন্দ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাশ রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা সভাপতি রবিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, জেলা প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, কার্যালয় সদস্য বাবু হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক অর্চনা অধিকারী, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ ও গণসংযোগ সম্পাদক গৌরব ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।